মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি, রাখাইন রাজ্যের সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নে বাংলাদেশ সফর করবেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সহযোগিতার সুযোগের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে, তারা এই সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
তার সফরসূচিতে ঢাকায় বেশ কয়েকটি বৈঠকের পাশাপাশি কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
বিশেষ র্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।