শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে নিজেদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং সামাজিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা এমন একটি সমাজ গড়ে তোলে, যেখানে প্রত্যেক মানুষের কল্যাণ নিশ্চিত হয়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ লক্ষ্য বাস্তবায়নে একই ধরনের অঙ্গীকারে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে উভয় পক্ষ নারী ও শিশুদের সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর করতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।