কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র্যাব।
রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ মাউরা সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।
এ সময় আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নয়মুল হাসান বলেন, “কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”