ইতালির সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি নিশ্চিত করেছেন, শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন্তঃবিভাগীয় জাদুঘর (মুমে) থেকে এসব শিল্পকর্ম চুরি হয়।
চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে রয়েছে আন্তোনেল্লো দা মেসিনার বিখ্যাত ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর তিনটি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ নামের দ্বিমুখী একটি প্যানেল। ইতালীয় সংবাদ সংস্থা আনসার তথ্যের বরাতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।
জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরিও বলেছেন, ধারণা করা হচ্ছে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট নাগাদ চুরির ঘটনাটি ঘটে।
তিনি সংবাদ সংস্থা আনসাকে বলেন, ‘যা ঘটেছে, তাতে আমরা স্তম্ভিত। আন্তোনেল্লো দা মেসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুপরিচিত দুটি কাজ এগুলো। এটি জাদুঘর, শহর, সম্প্রদায় এবং শিল্প জগতের জন্য এক বিরাট ক্ষতি।’
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ চিত্রকর্মটি সরাসরি একটি সুরক্ষিত প্রদর্শন বাক্সের ভেতর থেকে সরিয়ে ফেলা হয়েছে। যদিও নেওয়া সব চিত্রকর্ম কাঠের প্যানেলে আঁকা হওয়ায় সেগুলো সহজে গুটিয়ে নেওয়া সম্ভব ছিল না।
আন্তোনেল্লো দা মেসিনা ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন চিত্রশিল্পী। সিসিলিতেই তার জন্ম ও বেড়ে ওঠা। পরবর্তী সময়ে তিনি প্রারম্ভিক রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
১৪৭৩ সালে আঁকা তার ‘সান গ্রেগোরিও পলিপটিক’ চিত্রে মা মেরিকে শিশু যিশু খ্রিষ্টকে কোলে ধরে থাকতে দেখা যায়, যার দুই পাশে সেন্ট গ্রেগরি ও সেন্ট বেনেডিক্টের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন দেবদূত।
মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে বলেছেন, ‘এই জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডে আমি গভীরভাবে ক্ষুব্ধ। মেসিনার সব মানুষের ঐতিহ্য লঙ্ঘিত হয়েছে। মেসিনা তার ইতিহাস চুরি হতে দেবে না।’
বিবিসির প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরুতে পার্মা শহরের নিকটবর্তী একটি জাদুঘর থেকে চুরি হওয়া তিনটি শিল্পকর্ম উদ্ধারের মাত্র কয়েক দিন পরই ইতালিতে এই নতুন চুরির ঘটনা ঘটল।
সেজান, রেনোয়া ও মাতিসের আঁকা ওই ছবিগুলোর সম্মিলিত মূল্য ছিল প্রায় ১ কোটি ইউরো। একটি দুষ্কৃতকারী দল মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলো নিয়ে যায়।