এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের বিষয়ে কাজ এগিয়ে চলছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। সেটি সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত হয়ে যাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, শিক্ষা বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে আগামী ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় গত ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। বর্তমানে ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে।