ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর মাধ্যমে ইপিজেডে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী যানবাহনের পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা যাবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত ওয়েব্রিজ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
ওয়েব্রিজ দুটির মাধ্যমে পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন পরিমাপ করা হবে। একই সঙ্গে এসব তথ্য সংরক্ষণের ফলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমের নজরদারি আরও কার্যকর হবে।
বেপজা জানায়, ওয়েব্রিজ স্থাপনের ফলে বন্ডেড সুবিধার আওতায় আমদানি ও রপ্তানি করা পণ্যের ওজন পরিমাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ইপিজেডে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যের তথ্যের নির্ভুলতা যাচাই, আমদানিকৃত কাঁচামালের যথাযথ ব্যবহার এবং বন্ডিং কার্যক্রমের নজরদারি আরও কার্যকর হবে।
এর ফলে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজস্ব সুরক্ষায়ও ওয়েব্রিজগুলো ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছে বেপজা।
ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইপিজেড, আদমজী ইপিজেড, কুমিল্লা ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে একই ধরনের আধুনিক ওয়েব্রিজ স্থাপনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে সংস্থাটি। পর্যায়ক্রমে বেপজাধীন সব জোনে ওয়েব্রিজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মহসীন হাসান, ঢাকা ইপিজেড কাস্টমসের সহকারী কমিশনারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।