তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। তার সঙ্গে মার্কিন নৌবাহিনীর ২২ সদস্যের একটি প্রতিনিধিদলও বাংলাদেশে আসবে।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে এ তথ্য জানান।
সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
দূতাবাস জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করাই এ সফরের অন্যতম লক্ষ্য।
অ্যাডমিরাল স্টিভ কেলার ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব নেন। এর আগে তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেন। এছাড়া বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।