ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে দায়িত্বে অবহেলা ও গেট ডিউটিতে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সকল প্রকার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বদাই শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে, স্পর্শকাতর ও তদন্তাধীন এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও কোনো ধরনের অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।