প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশের সব সদস্যকে দেশের স্বার্থে ভিন্নমতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটি আমাদের সকলের দেশ, আমাদের সবাইকে মিলে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা সবাই একই মতাদর্শের নাও হতে পারি, কিন্তু যখন আমরা সরকারের সঙ্গে কাজ করব, তখন সেই কাজের মধ্যে যেন নিজেদের ভিন্ন মতাদর্শ প্রতিফলিত না হয়।”
সোমবার, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি আরও বলেন, “প্রত্যেকের ভিন্ন মতের প্রতিফলন ঘটবে কেবলমাত্র ভোটের বাক্সে। তার আগে আমরা সবাই এই দেশটাকে ভালোবাসবো। দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো।”
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের কর্মকর্তাদের উদ্দেশ্যে শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। এর আগে সকালে, পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি জনগণের জন্য শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে আরও আলোচনা করেন।
পরে, টাইগার গেইটের সামনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফটোশেসনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।