সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশ ও সুইডেনের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে মন্ত্রী বলেন, সরকার নারী ও শিশুর ক্ষমতায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় ৪ কোটি নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে কার্ড বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় পরিবারপ্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পাঠানো হবে।
মন্ত্রী আরও বলেন, শিশু পুষ্টি, ডে-কেয়ার সেন্টার সম্প্রসারণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যুবকদের দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বাংলাদেশের সামাজিক উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, নারী ও শিশু সুরক্ষা, লিঙ্গ সমতা, শিশু পুষ্টি, শিক্ষা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহায়তায় সুইডেন সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
বৈঠকে রোহিঙ্গা সংকট, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিশু অধিকার ও টেকসই সমাজ গঠনের বিষয়েও মতবিনিময় হয়।