ইরানের ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, সর্বশেষ অভিযানে ইরানের প্রায় ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌঘাঁটি এবং সামরিক রসদ সংরক্ষণাগার।
সেন্টকমের দাবি, আগের রাতের অভিযানের ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করা।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল। তখন সেন্টকম জানায়, ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়।
মার্কিন হামলার জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, জুনে যুদ্ধবিরতির সমঝোতার পর এটিই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনার ঘটনা। চলমান পাল্টাপাল্টি হামলার কারণে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
[সূত্র: আল-জাজিরা]