পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) আওতাধীন হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে এ আগুন লাগে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সময় বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের চতুর্থ তলায় গায়নোকোলজি ওয়ার্ডে আগুন লাগে। ইসলামাবাদ পুলিশের ভাষ্য অনুযায়ী, নবজাতকদের রাখা কক্ষে থাকা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ১৫ নবজাতক দগ্ধ হয়ে মারা যায়।
হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। তাঁরা একজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। আগুনের তীব্রতার কারণে অন্য শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ পুলিশ।
সূত্র: জিও নিউজ, ডন