আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট শুধু সরকারের কারণে তৈরি হয়নি। এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে চলমান সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করেন তিনি।
এলএনজি আমদানির বিষয়ে রিজভী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম নেওয়া হচ্ছে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সংকট দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় রিজভী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি দেশের নদী, খাল ও বিল দূষণমুক্ত করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না। নদী-নালা, খাল-বিলসহ জলাধারগুলোও দূষণমুক্ত রাখতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
রিজভী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।