যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র। বুধবারের (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্রের বরাতে আল-জাজিরা জানায়, গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্টের কর্মীরা আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে যান। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
এদিকে গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় এক নারী নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। দক্ষিণ গাজার বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। দেইর আল-বালাহ ও খান ইউনিস এলাকাতেও হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নয়জনের মরদেহ নেওয়া হয়েছে। এর মধ্যে আটজন সাম্প্রতিক হামলায় নিহত এবং একজন আগের আঘাতে মারা গেছেন। যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৪৩১ জন এবং আহত ৫ হাজার ২৬ জন বলে মন্ত্রণালয়ের হিসাবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৩২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের আগস্টের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা ৯ শতাংশ বেড়েছে। সংস্থাটির হিসাবে, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।