ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং উদ্যোক্তাদের সেবা গ্রহণ সহজ করতে ট্রেড লাইসেন্স প্রক্রিয়া ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এই উদ্যোগের আওতায় সিটি কর্পোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে উদ্যোক্তারা অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন, ফি পরিশোধ, নবায়ন, অনুমোদন গ্রহণ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ব্যবস্থা চালু হলে স্থানীয় অফিসে বারবার যাওয়া, দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক জটিলতা কমে আসবে। একই সঙ্গে ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়বে।
সম্প্রতি সংসদে এ পরিকল্পনার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তির হালনাগাদ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচিত শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থায় ভূমি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানি, সড়ক যোগাযোগ এবং প্রাথমিক অনুমোদন আগেই প্রস্তুত রাখা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করতে পারেন।
এছাড়া বিনিয়োগ-সম্পর্কিত আন্তঃসংস্থা অনুমোদন, যাচাই ও পরামর্শ প্রক্রিয়াও সহজ করা হবে। এসব কার্যক্রমের অগ্রগতি অনলাইনে ট্র্যাক করার সুযোগ থাকবে। বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াও অনলাইন ও সময়সীমাবদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিডার ওএসএস পোর্টালের সঙ্গে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
সর্বশেষ সংযোজনের ফলে ওএসএস পোর্টালের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫২টিতে। সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।