চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নিয়ে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দানিয়াল থেকে ‘বুলেট ট্রেনে’ করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডব্লিউইএফের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে পৌঁছান। তাঁর এই সফরকে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।