বাংলাদেশ এমন এক সময়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, যখন জনসমাগমে ভরা কোনো চত্বর আর রাজনীতির সবচেয়ে শক্তিশালী প্রতীক নয়। বরং সেই জনতার ওপরে উঁচু করে ধরা একটি স্মার্টফোনই এখন নতুন প্রতীক।
এ স্মার্টফোন মুহূর্তেই ঘটনাগুলো ধারণ করে, সরাসরি সম্প্রচার করে এবং সেগুলো পৌঁছে দেয় লাখো মানুষের কাছে। এদের অনেকেই হয়তো কখনো বিক্ষোভস্থলে উপস্থিত হন না, তবু তারা আন্দোলনের ঘটনাপ্রবাহের অংশ হয়ে ওঠেন। দক্ষিণ এশিয়াজুড়ে নতুন এক প্রজন্ম ছাত্র আন্দোলন, ডিজিটাল নেটওয়ার্ক এবং রাজপথের কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে।
বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান, ভারতে পরীক্ষায় অনিয়ম ও স্বচ্ছতার দাবিতে ছাত্রবিক্ষোভ এবং নেপালে দুর্নীতিবিরোধী তরুণদের ধারাবাহিক আন্দোলন-সবকিছুর পেছনেই ছিল বাস্তব ক্ষোভ ও অসন্তোষ।
তবে এসব ঘটনার মধ্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে। রাজনৈতিক লড়াই এখন আর শুধু ক্যাম্পাস, সংসদ ভবন বা জনসমাবেশের চত্বরে সীমাবদ্ধ নয়। এর একটি বড় অংশ এখন পরিচালিত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এসব প্ল্যাটফর্মের অ্যালগরিদম অনেক সময় নির্ধারণ করে দেয় মানুষ কী দেখবে, কী নিয়ে আলোচনা করবে এবং কোন ঘটনা বেশি দিন মনে রাখবে।
তরুণদের রাজপথে নামার পেছনে ক্ষোভের কারণগুলো ছিল বাস্তব। বাংলাদেশে আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কার দাবির মধ্য দিয়ে। পরে সহিংসতা বৃদ্ধি এবং জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা বৃহত্তর রাজনৈতিক সংঘাতে রূপ নেয়। এ ধরনের চিত্র দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও দেখা গেছে। সুশাসনের অভাব, জবাবদিহির সংকট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তরুণদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করেছে।
ডিজিটাল প্ল্যাটফর্ম এসব ক্ষোভের জন্ম দেয়নি। তবে এগুলো ঘটনাগুলোকে দ্রুত মানুষের সামনে নিয়ে এসে তাদের বিস্তার ও প্রভাব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় কোনো ঘটনা খুব অল্প সময়েই জাতীয়, এমনকি বৈশ্বিক আলোচনার বিষয়ে পরিণত হতে পারে।
আধুনিক রাজনীতির গতি: তথ্যের এই দ্রুত বিস্তারের প্রভাব সুদূরপ্রসারী। একসময় যে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দিতে মাসের পর মাস সংগঠন ও প্রস্তুতির প্রয়োজন হতো, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হতে পারে। একটি ভিডিও, প্রত্যক্ষদর্শীর বর্ণনা কিংবা ভাইরাল কোনো হ্যাশট্যাগ মুহূর্তেই স্থানীয় ঘটনাকে জাতীয় রাজনৈতিক ইস্যুতে রূপ দিতে পারে। ডিজিটাল যোগাযোগবিষয়ক গবেষণা ও বিশ্লেষণে দেখা যায়, অ্যালগরিদম সাধারণত এমন বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেয়, যা মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ক্ষোভ, ভয় বা আশার মতো আবেগজাগানো বিষয়বস্তু অনেক সময় বিশ্লেষণধর্মী বা প্রেক্ষাপটসমৃদ্ধ তথ্যের চেয়ে দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো ক্ষতিকর কনটেন্টের বিস্তার কমাতে নানান পদক্ষেপ নিয়েছে। তবে তাদের অ্যালগরিদম কীভাবে কাজ করে, সে বিষয়ে সাধারণ মানুষের কাছে এখন পর্যাপ্ত স্বচ্ছতা নেই।
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান তথ্যপ্রবাহের এই নতুন বাস্তবতার সম্ভাবনা ও জটিলতা দুটিই স্পষ্টভাবে তুলে ধরেছে। সমাজমাধ্যম সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে ঘটনাগুলো নথিবদ্ধ করার সুযোগ দিয়েছে। তথ্যপ্রবাহের নানান বাধা অতিক্রম করে দ্রুত সারা দেশে যোগাযোগও সম্ভব হয়েছে। তবে একই সঙ্গে তথ্য ও অপতথ্যের দ্রুত বিস্তার জনমত গঠনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান প্রভাবকে সামনে এনেছে। রাজনৈতিক আলোচনা, জনধারণা ও ঘটনা ঘিরে মানুষের প্রতিক্রিয়া নির্ধারণে সমাজমাধ্যমের ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের সব গণতান্ত্রিক দেশের সামনেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে।
প্রশ্নগুলো হলো: অ্যালগরিদম রাজনীতি সংগঠিতকরণ ও জনমত গঠনের প্রক্রিয়া কতটা ত্বরান্বিত করে? কোনো ইস্যুর প্রতি প্রকৃত জনসমর্থন এবং ডিজিটাল মাধ্যমে তার ব্যাপক উপস্থিতির মধ্যে পার্থক্য কীভাবে নির্ণয় করা যায়? অনলাইনে কোনো বিষয় বা মতের ব্যাপক প্রচার কি সত্যিই জনসমর্থনের প্রতিফলন, নাকি কখনো কখনো প্ল্যাটফর্মের নকশাই কিছু কণ্ঠস্বর বা ইস্যুকে অন্যগুলোর তুলনায় বেশি দৃশ্যমান করে তোলে?
এসব প্রশ্নের সহজ বা একরৈখিক উত্তর নেই। বরং বিষয়গুলো নিয়ে গভীর, সতর্ক ও তথ্যভিত্তিক আলোচনা প্রয়োজন।
আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনায়: ইতিহাস একটি বিষয় বারবার মনে করিয়ে দেয়-পুরোনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা বা সরিয়ে দেওয়া যতটা সহজ, নতুন ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা ততটাই কঠিন। সফল আন্দোলন সাধারণত মানুষকে পরিবর্তনের দাবিতে একত্র করে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন ভিন্ন ধরনের সক্ষমতা। প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ, দক্ষ প্রশাসন এবং জনগণের প্রতি জবাবদিহি। আন্দোলনের কর্মীরা যখন রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অবস্থানে আসেন, তখন নাগরিকদের স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন করার অধিকার থাকে। তাদের অভিজ্ঞতা কী, সাংগঠনিক কাঠামো কতটা শক্তিশালী, তারা কার সমর্থন পাচ্ছেন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের অগ্রাধিকার কী-এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই প্রত্যাশা সব রাজনৈতিক শক্তির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। মতাদর্শ বা রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, জবাবদিহির মানদ সবার জন্য সমান হওয়া প্রয়োজন। জবাবদিহি গণতন্ত্রের ওপর চাপিয়ে দেওয়া কোনো বোঝা নয়; বরং এটি গণতন্ত্রকে সুরক্ষিত রাখার অন্যতম প্রধান ভিত্তি।
অ্যালগরিদমের যুগে গণতন্ত্র: এই চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়। আজকের বিশ্বের বড় একটি অংশের রাজনৈতিক আলোচনা পরিচালিত হচ্ছে এমন ডিজিটাল প্ল্যাটফর্মে, যেগুলোর মালিকানা কয়েকটি বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠানের হাতে। এসব প্ল্যাটফর্ম তথ্য প্রাপ্তি সহজ করেছে এবং নাগরিক অংশগ্রহণের সুযোগ বাড়িয়েছে। তবে একই সঙ্গে কোন বিষয় বেশি মানুষের নজরে আসবে আর কোনটি আড়ালে থেকে যাবে, তা নির্ধারণেও বড় ধরনের প্রভাব ফেলছে। বিশ্বের বিভিন্ন সরকারও উপলব্ধি করেছে যে কৌশলগত প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখন তথ্যের জগৎ। ডিজিটালমাধ্যমে প্রভাব বিস্তারে প্রচার, সমন্বিত অনলাইন নেটওয়ার্ক এবং পরস্পরবিরোধী বয়ান আন্তর্জাতিক রাজনীতির নতুন বাস্তবতায় পরিণত হয়েছে। এগুলো রাষ্ট্রীয় কূটনীতি ও প্রভাব বিস্তারের প্রচলিত পদ্ধতির বিকল্প নয়; বরং তারই পরিপূরক।
এ কারণেই স্বচ্ছতা ও সামাজিক স্থিতিশীলতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তবে এসব বাস্তবতা স্বীকার করার অর্থ গণ আন্দোলনের বৈধতা প্রশ্নবিদ্ধ করা নয়। আবার এর মানে এও নয় যে প্রতিটি আন্দোলন বিদেশি প্রভাব বা অ্যালগরিদমের মাধ্যমে পরিচালিত হয়। এ ধরনের সরলীকৃত ব্যাখ্যা সেই বাস্তব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলো উপেক্ষা করে, যা মানুষকে প্রথমে রাজপথে নামতে উদ্বুদ্ধ করে। এ থেকে যে বিষয়টি স্পষ্ট হয় তা হলো ডিজিটাল যুগে গণতন্ত্র টিকিয়ে রাখতে আরও শক্তিশালী সুরক্ষাব্যবস্থা প্রয়োজন।
প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর অ্যালগরিদম ও সুপারিশব্যবস্থা কীভাবে কাজ করে, সে বিষয়ে অধিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কার্যকর ও স্বাধীন নজরদারি থাকতে হবে। একই সঙ্গে নাগরিকের তথ্য যাচাই ও সমালোচনামূলক বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে গণমাধ্যম-সাক্ষরতা উন্নয়ন জরুরি। পাশাপাশি প্রকৃত জন আন্দোলন এবং সমন্বিত তথ্য-প্রভাব কার্যক্রম-উভয়ের প্রতিই বিশ্বাসযোগ্য ও কার্যকর সাড়া দিতে সক্ষম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এসব আর শুধু নীতিগত আকাঙ্ক্ষা নয়; ক্রমেই গণতন্ত্রের অপরিহার্য শর্তে পরিণত হচ্ছে।
বাংলাদেশ যখন জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, তখন দেশের অভিজ্ঞতা তার সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত পরিসরে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এ গণ অভ্যুত্থান একটি প্রজন্ম ন্যায়বিচার, জবাবদিহি এবং জনমুখী শাসনের আকাঙ্ক্ষা সামনে নিয়ে এসেছে। তবে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, রাজনৈতিক পরিবর্তন পুরোনো কোনো ব্যবস্থার পতনের মধ্যেই শেষ হয়ে যায় না। প্রকৃত পরীক্ষা হলো এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, যেগুলো দীর্ঘমেয়াদে জনগণের আস্থা অর্জন ও ধরে রাখতে সক্ষম। অ্যালগরিদমের এই যুগে গণতন্ত্রের ভবিষ্যৎ শুধু শাসক বা আন্দোলনকারীদের ওপর নির্ভর করবে না। বরং তা নির্ভর করবে সমাজ কতটা নিশ্চিত করতে পারে যে জন আলোচনাকে প্রভাবিত করা ডিজিটাল ব্যবস্থাগুলো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক আস্থার উপযুক্ত।