প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন।
বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
এ ছাড়া দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, পারস্পরিক উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুসংহত হবে।