মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) হোয়াইট হাউস থেকে ট্রাম্পের ভাষণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাষণে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীকে জানানো হবে।
এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হতে পারে। তিনি ইরানিদের সঙ্গে ‘সম্ভাব্য চুক্তি’ হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন, যদিও কোনো বাধ্যবাধকতা নেই।
তবে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। যুদ্ধ এক মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দুবাই বন্দরে তেলের ট্যাংকারে হামলা ও পাল্টাপাল্টি ড্রোন হামলায় মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে।
যুদ্ধ শুরুতেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি বন্ধ করে দেয়। বর্তমানে দেশটি কেবল তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য এখন এই প্রণালি পুনরায় উন্মুক্ত করা, যাতে বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানো যায়। ট্রাম্পের আজকের ভাষণে হরমুজ প্রণালির বিষয়ে কোনো বিশেষ ঘোষণা আসে কি না, সেটিই বিশ্ববাজারের নজরের কেন্দ্রবিন্দু। [সূত্র: সিএনএন]