জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে অনানুষ্ঠানিক সংলাপে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এ সংলাপে যোগ দেন তিনি।
জাতিসংঘে আয়োজিত এ সংলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ছাড়াও তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীও যোগ দিয়েছেন।
সংলাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, আমাদের বিশ্ব এখন আরও কার্যকর ও সাড়া দিতে সক্ষম বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন।
একসঙ্গে কাজ করলে আমরা এমন একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে পারি, যা সদস্য রাষ্ট্রগুলোর আস্থা অর্জন করবে এবং সবার জন্য বাস্তব সুফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, তার জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্ব জাতিসংঘ সাধারণ পরিষদকে এ লক্ষ্য অর্জনে এগিয়ে নিতে সহায়তা করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।