পর্ব-১
কেন একবিংশ শতাব্দীর শিক্ষা নতুন করে ভাবতে হবে?
আমরা আমাদের সন্তানদের কোন পৃথিবীর জন্য প্রস্তুত করছি? আজ যে শিশুটি প্রথম শ্রেণিতে প্রবেশ করছে, ২০৫০ সালে সে হবে সমাজ ও রাষ্ট্রের অন্যতম কর্মক্ষম নাগরিক। কিন্তু সে সময়ের পৃথিবী কেমন হবে, আমরা কি তা কল্পনা করছি? কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, অটোমেশন, জলবায়ু পরিবর্তন, নতুন কর্মজগৎ এবং দ্রুত পরিবর্তনশীল সামাজিক বাস্তবতা—সব মিলিয়ে আগামী পৃথিবী আজকের পৃথিবী থেকে হবে অনেকটাই ভিন্ন।
অথচ আমাদের শিক্ষাব্যবস্থার বড় একটি অংশ এখনো দাঁড়িয়ে আছে বহু পুরনো কাঠামোর ওপর—শিক্ষক বলবেন, শিক্ষার্থী শুনবে; বই পড়বে, মুখস্থ করবে, পরীক্ষা দেবে, নম্বর পাবে এবং পরবর্তী শ্রেণিতে উঠবে। প্রশ্ন হলো—এই পদ্ধতি কি ২০৫০ সালের মানুষ তৈরি করার জন্য যথেষ্ট? শিক্ষা কি শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য?
একজন শিক্ষার্থী গণিতে শতকরা ৯৫ নম্বর পেল, কিন্তু বাস্তব জীবনের একটি সমস্যা সমাধান করতে ভয় পায়। ইংরেজিতে সর্বোচ্চ গ্রেড পেল, কিন্তু আন্তর্জাতিক পরিসরে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের চিন্তা তুলে ধরতে পারে না। বিজ্ঞান মুখস্থ করেছে, কিন্তু চারপাশের পরিবেশ, নদী, পানি, কৃষি কিংবা জলবায়ুর সমস্যার সঙ্গে সেই বিজ্ঞানকে যুক্ত করতে শেখেনি।
ইতিহাস পড়েছে, কিন্তু ইতিহাস থেকে নেতৃত্ব, মানবিকতা, ভুল সিদ্ধান্তের পরিণতি কিংবা শান্তির শিক্ষা নিতে পারেনি। তাহলে আমরা কি তাকে সত্যিকার অর্থে শিক্ষিত করেছি, নাকি শুধু পরীক্ষার্থী বানিয়েছি? এই প্রশ্ন থেকেই জন্ম নিচ্ছে ‘শিক্ষা ২০৫০’ নিয়ে আমাদের ভাবনা।
মুখস্থ বিদ্যা থেকে কৌতূহলের দিকে শিশুর স্বাভাবিক বৈশিষ্ট্য হলো প্রশ্ন করা। কেন আকাশ নীল? কেন নদীতে জোয়ার আসে? বৃষ্টি কোথা থেকে আসে? মানুষ যুদ্ধ করে কেন? একটি গ্রামের সমস্যা আমি কিভাবে সমাধান করতে পারি? আমাদের শিক্ষা যদি শিশুর এই প্রশ্ন করার প্রবণতাকে উৎসাহিত না করে, বরং নির্দিষ্ট উত্তর মুখস্থ করিয়ে দেয়, তাহলে ধীরে ধীরে তার সবচেয়ে মূল্যবান সম্পদ—কৌতূহল ও সৃজনশীলতা ক্ষয় হতে পারে।
ভবিষ্যতের বিদ্যালয় তাই এমন হওয়া দরকার, যেখানে প্রশ্ন করাও শেখার অংশ; ভুল করাও শেখার অংশ; খেলাধুলা, পরীক্ষা-নিরীক্ষা, প্রকল্প, বিতর্ক, সংগীত, শিল্প, প্রযুক্তি ও বাস্তব সমস্যা সমাধান—সবকিছুই শিক্ষার অংশ। শিশু যেন সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য আনন্দ অনুভব করে।
শিক্ষা ২০৫০ : মানুষ গড়ার এক নতুন দর্শনআমাদের কাছে Joyful Learning —আনন্দময় শিক্ষা কোনো অলংকারমূলক শব্দ নয়; এটি শিক্ষার একটি মৌলিক দর্শন হওয়া উচিত। সেই আনন্দও শুধু অনুভূতির বিষয় হয়ে থাকবে না—শিশুর কৌতূহল, অংশগ্রহণ, সমস্যা সমাধানের ক্ষমতা, সহযোগিতা ও সামাজিক বিকাশের মাধ্যমে তার অগ্রগতি বোঝার ব্যবস্থা থাকতে হবে।
শিক্ষক আর শুধু ‘পাঠদানকারী’ নন আগামী দিনের শিক্ষকের ভূমিকাও বদলাতে হবে।
তাঁকে শুধু তথ্যের উৎস হিসেবে দেখলে চলবে না। কারণ তথ্য এখন একটি শিশুর হাতের কাছেই রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক সেকেন্ডে এমন তথ্য দিতে পারে, যা একসময় খুঁজে পেতে ঘণ্টার পর ঘণ্টা লাগত। কিন্তু AI কি শিশুকে সততা শেখাবে? সহমর্মিতা শেখাবে? দলের নেতৃত্ব দিতে শেখাবে? ব্যর্থতার পর উঠে দাঁড়াতে শেখাবে? দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করবে?
এখানেই মানুষের, বিশেষ করে শিক্ষকের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভবিষ্যতের শিক্ষক হবেন
Mentor, Coach ও Learning Architect—শিক্ষার্থীর শেখার পথের সহযাত্রী ও নির্মাতা। প্রযুক্তি থাকবে, কিন্তু মানুষ থাকবে কেন্দ্রে। ‘শিক্ষা ২০৫০’-এর লক্ষ্য শিশুকে প্রযুক্তির দাস বানানো নয়; বরং প্রযুক্তিকে মানুষের সেবায় ব্যবহার করতে শেখানো।
AI শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শেখাতে সাহায্য করতে পারে; এনিমেশন কঠিন বিজ্ঞানকে সহজ করতে পারে; ভার্চুয়াল অভিজ্ঞতা ইতিহাসকে জীবন্ত করে তুলতে পারে; ভাষা প্রযুক্তি উচ্চারণ ও যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে। কিন্তু প্রযুক্তি কখনো মানবিকতার বিকল্প হতে পারে না। তাই ভবিষ্যতের শিক্ষার কেন্দ্রে থাকবে—মানুষ, তার চরিত্র, বিবেক, স্বাস্থ্য, আবেগ, সৃজনশীলতা, নেতৃত্ব, দায়িত্ববোধ এবং অন্য মানুষের জন্য কিছু করার আকাঙ্ক্ষা। বাংলাদেশের বাস্তবতা থেকেই বিশ্বমানের শিক্ষা আমাদের শিশু বিশ্বনাগরিক হবে, কিন্তু নিজের মাটি ভুলে নয়।
বাংলাদেশ নদীমাতৃক বদ্বীপের দেশ। বন্যা, নদীভাঙন, পানি ব্যবস্থাপনা, কৃষি, জলবায়ু পরিবর্তন—এসব আমাদের বাস্তব জীবনের অংশ। তাই পরিবেশ শিক্ষা শুধু ‘গাছ লাগাও’ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শিশুর নিজের চারপাশের বাস্তবতার সঙ্গে যুক্ত হতে পারে—বৃষ্টির পানি সংরক্ষণ, নদীর স্বাস্থ্য, বন্যাসহিষ্ণু কৃষি কিংবা নিজের এলাকার পরিবেশগত সমস্যা নিয়ে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে। একইভাবে নেতৃত্ব শেখানো যেতে পারে শুধু বইয়ের বিখ্যাত নেতাদের জীবনী মুখস্থ করিয়ে নয়; নিজের বিদ্যালয়, মহল্লা বা গ্রামের একটি বাস্তব সমস্যা চিহ্নিত করে দলবদ্ধভাবে তার সমাধান খুঁজে বের করার মধ্য দিয়ে।
এভাবেই আমরা চাই—শেখা হবে স্থানীয়, দক্ষতা হবে বৈশ্বিক এবং দায়বদ্ধতা হবে মানবিক।
Academy for Human Stewardship—একটি চিন্তার পরীক্ষাগার, এই ভাবনারই একটি প্রস্তাবিত রূপ Academy for Human Stewardship (AHS)|
এটি এখনো কোনো চূড়ান্ত শিক্ষা মডেল নয়। বরং এটি একটি প্রশ্ন, একটি অনুসন্ধান এবং ভবিষ্যৎ নিয়ে সম্মিলিত চিন্তার আহ্বান। আমাদের আলোচনায় Pre-University Education বলতে শিশু শ্রেণি/প্রারম্ভিক শিক্ষা থেকে Grade ১২ পর্যন্ত সম্পূর্ণ শিক্ষাজীবন বোঝানো হচ্ছে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা কল্পনা করছি যেখানে
Academic Excellence-এর পাশাপাশি সমান গুরুত্ব পাবে চরিত্র, স্বাস্থ্য, সৃজনশীলতা, আবেগীয় বুদ্ধিমত্তা, নেতৃত্ব, প্রযুক্তিগত সক্ষমতা, মানবিকতা ও Stewardship—পৃথিবী ও মানুষের প্রতি দায়িত্ববোধ।
আমাদের সন্তান—আমাদের সবচেয়ে বড় প্রকল্প সেতু নির্মাণে আমরা শত বছরের কথা ভাবি। শহর নির্মাণে ভবিষ্যৎ জনসংখ্যার কথা ভাবি। অর্থনীতি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করি। তাহলে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ গড়ার ক্ষেত্রে কেন আমরা ২০৫০ সালের কথা ভাবব না? ‘শিক্ষা ২০৫০’ কোনো একজন মানুষের ধারণা হয়ে থাকতে চায় না। আমরা চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং সমাজের অভিজ্ঞ মানুষ এই আলোচনায় অংশ নিন। আমাদের ধারণার ভুল ধরিয়ে দিন। অসম্ভবকে অসম্ভব বলুন। সম্ভবকে আরো সুন্দর করার পথ দেখান। নতুন ধারণা যোগ করুন। কারণ একটি সত্যিকার ভবিষ্যত্মুখী শিক্ষাব্যবস্থা কোনো একজন মানুষ তৈরি করতে পারেন না; একটি জাতিকে মিলেই তা নির্মাণ করতে হয়।
আমাদের স্বপ্নটি তাই সংক্ষেপে—Think Globally. Learn Joyfully. Solve Locally. Serve Humanity.
বিশ্বকে জানি। আনন্দে শিখি। নিজের সমাজের সমস্যা সমাধান করি। মানবতার সেবা করি।
আগামী পর্ব
বিদ্যালয় যদি হয় ‘ইন্টার্যাক্টিভ লার্নিং ওয়ান্ডারল্যান্ড’—শিশু কি তখন শেখাকে ভালোবাসবে?
মতামত লেখকের নিজস্ব