পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বাড়তি সময় ও ব্যয়ের মুখে পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলো। এ পরিস্থিতিতে পাকিস্তানকে এড়িয়ে বিকল্প আন্তর্জাতিক বিমানপথ চালুর সম্ভাবনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে ভারত। সম্ভাব্য এই রুটটি চীনের শিনজিয়াং অঞ্চলের হোতান হয়ে যাওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে এ বিষয়ে ভারত ও চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন।
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বর্তমানে ভারতীয় বিমানগুলোকে দীর্ঘ বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ হচ্ছে। এই বাড়তি ব্যয় কমাতেই চীনের শিনজিয়াংয়ের আকাশসীমা ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে নয়াদিল্লি।
এদিকে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে পাকিস্তান। সর্বশেষ নোটিশ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা আগামী ২৪ অক্টোবর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। এই সময়ে পাকিস্তানের করাচি ও লাহোর ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন ভারতীয় বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজের জন্য বন্ধ থাকবে।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। এর পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তানও।
পরবর্তীতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হয়নি। ফলে দীর্ঘমেয়াদি বিকল্প রুটের সন্ধানে চীনের সঙ্গে আলোচনায় এগোচ্ছে নয়াদিল্লি।