মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় কৃষিকাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জেরে সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা ভারতের দুই নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেছেন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের ঝালখেতে কীটনাশক ছিটানোর সময় সীমান্তের ১২৪/৪-এস পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা আব্দুল মান্নানকে আটক করে নিয়ে যান।
স্থানীয়রা জানান, আব্দুল মান্নান সীমান্তসংলগ্ন এলাকায় কৃষিকাজ করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতের দিকে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বাংলাদেশি ওই কৃষক সীমান্তসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ তাকে আটক করে নিয়ে গেছে। পরে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন।
তিনি বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক দুই দেশের নাগরিককে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তরের লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।