বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেছে দুই দেশ।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ের বৈঠকের পর এসব দলিল বিনিময় হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় গবেষণা, তথ্য বিনিময় ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে দলিল বিনিময় করেন।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।