বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলাসান্দ্রো বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইতালি বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং আমাদের স্বাধীনতার স্বীকৃতি প্রদানকারী অন্যতম দেশ। বর্তমানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ইতালির বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ফার্নিচার, জাহাজ নির্মাণ শিল্প এবং চামড়া ও চামড়াজাত পণ্যে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধ জুটমিল পুনরায় চালুর লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। দেশের তরুণ ও দক্ষ জনশক্তি বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুবিধা।
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলাসান্দ্রো বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইতালি ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। আমরা তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।
তিনি আরও জানান, আগামী জুলাই মাসে ইতালি থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধি করতে মুক্ত বাণিজ্য চুক্তি ও যৌথ ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহিম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।